প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
জাতির উদ্দেশে নেপালি সেনাপ্রধানের ভাষণ।

জুয়েল রানা, নিজস্ব প্রতিবেদক:
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগের পরও নেপালে অস্থিরতা বিরাজ করছে।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেলের মধ্যে তারা পদত্যাগ করেন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট, অফিস-আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। দিন গড়িয়ে রাত আসলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
এমন অবস্থায় রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল বলেছেন, “সম্প্রীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সকল নেপালির দায়িত্ব।”
“যেহেতু ইতিমধ্যেই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তাই শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে, যাতে আর কোনো ক্ষতি না হয়, সেইসঙ্গে জাতীয় অখণ্ডতা ও সম্প্রীতি রক্ষা করার জন্য, আন্দোলন পরিত্যাগ করা সকল নেপালির এটি একটি সাধারণ কর্তব্য।”
তিনি আরও বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পত্তি, সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশনগুলোকে রক্ষা করতে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি নিশ্চিত করতে জাতীয় স্বার্থ রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।’
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY