
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে জমির জাল দলিল নিবন্ধনের চেষ্টার অভিযোগ উঠেছে এক দলিল লেখকের বিরুদ্ধে। এ ঘটনায় দলিল লেখক মো. আবুল কালাম আজাদকে শোকজ নোটিশ প্রদান করেছেন উপজেলা সাব-রেজিস্টার এ কে এম মীর হাসান। একই সঙ্গে তদন্তের স্বার্থে তার দলিল লেখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিলটি পর্যালোচনার সময় কর্মকর্তারা কাগজপত্রে নানা অসঙ্গতি খুঁজে পান। দেখা যায়, দলিলে পূর্ববর্তী বিএস খতিয়ান, মালিকানা সনদ বা খারিজ সংক্রান্ত তথ্যের কোনো উল্লেখ নেই। ফলে বিষয়টি নিবন্ধন আইন ১৯০৮ এর ধারা ৫২(ক) লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলিলের দাতা নিলুফা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাকে কোনোভাবেই অবগত করা হয়নি। দলিল লেখক নিজের মতো করে ভুল তথ্য দিয়ে দলিল সম্পন্ন করার চেষ্টা করেছেন। পরে সাব-রেজিস্টার অফিসে গিয়ে বিষয়টি জানতে পারি।”অভিযুক্ত দলিল লেখক আবুল কালাম আজাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে দিয়ে তিনি উপস্থিত সাংবাদিকের ওপর হামলাও চালান।
এ প্রসঙ্গে বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাজী সিদ্দিকুর রহমান বলেন, “পূর্বেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। আগামী সভায় বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।” অভিযোগের তদন্ত চলাকালে আবুল কালাম আজাদের দলিল লেখার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকজের জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।