প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
ছিনতাই হওয়া মোবাইল যায় কোথায়

ডেক্স নিউজ,,
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবারের সঙ্গে থাকেন আমিনুল ইসলাম। তিনি তাঁর সমবয়সি স্থানীয় একজনের কাছ থেকে ২৩ হাজার টাকায় স্যামসাং সেকেন্ড হ্যান্ড একটি মোবাইল ফোন কেনেন। ফোনটি ব্যবহারের কিছুদিন পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক সদস্য তাঁকে কল দেন। মোবাইল ফোনসহ তাঁকে থানায় আসতে বলেন। এতে আমিনুল ভয় পেয়ে যান। পরে তাঁর এক স্বজনকে নিয়ে পল্লবী থানায় যান এবং ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেন। পুলিশ কর্মকর্তা তাঁদের জানান, তাঁরা যে ফোনটি ব্যবহার করছেন সেটি চোরাই। শুনে তাঁরা হতবাক। আমিনুল জানতে পারেন পল্লবীর সিরামিক রোড থেকে ফোনটি ছিনতাই হয়। এ ঘটনায় ফোনের মালিক পল্লবী থানায় মামলা করেন। ওই ফোনটির দাম ছিল ৬০ হাজার টাকা। ফোনটি ফেরত দেন আমিনুল
এভাবে গণপরিবহন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, ফাঁকা রাস্তা, অফিস-আদালত এমনকি বাসাবাড়ি থেকে মোবাইল ফোন ছিনতাই বা চুরি হচ্ছে। মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকায় অনেকে দিশাহারা হয়ে পড়ছেন। এসব খোয়া যাওয়া ফোন খুব অল্প লোকই ফেরত পাচ্ছেন। অধিকাংশ ফোন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ফোন ছিনতাই বা চুরির সঙ্গে সঙ্গে কয়েকটি হাত বদল হয়ে যায়। প্রথমেই চক্রের সদস্যরা মোবাইল ফোন বন্ধ করে দেন। এরপর সিম ফেলে দিয়ে মোবাইল ফোনটি ফ্ল্যাশ দেন। দামি ফোন হলে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে ফেলেন। এরপর মোবাইল ফোনগুলো বিভিন্ন দামে বাজারে বিক্রি করে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY