প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
গাজাবাসীর জন্য ৬৫ তাঁবু তৈরি করে দিলো বাংলাদেশি সেবাসংস্থা

ডেক্স নিউজ,
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার ঘরহীন ৫০০ নারী-পুরুষ ও শিশুর জন্য ৬৫ তাঁবু নির্মাণ করে দিয়েছে বাংলাদেশি সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
গাজার দেইর আল-বালাহে অসহায়দের জন্য এ তাঁবু ক্যাম্প নির্মাণ করে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক মোহাম্মাদ রাজ।
জানা যায়, ৬৫টি তাঁবুতে বর্তমানে আশ্রয় পেয়েছেন গজার শতাধিক বিধ্বস্ত পরিবারের ৫০০ নারী-পুরুষ ও শিশু। প্রতিটি তাঁবুতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও শিশুদের দুধ সরবরাহ করা হচ্ছে। দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসা সহায়তা। তাদের সেবায় নিয়োজিত আছেন হাফেজ্জীর স্বেচ্ছাসেবকরা।
জানা গেছে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কোনো মানবিক সংগঠন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিসহ আট হাসপাতালে সরাসরি সেবা দিচ্ছে।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের শুরু ২০১৩ সালে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি জাফর আহমদসহ দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে সংস্থাটি। সংস্থাটি দেশে অসহায়ের সহযোগিতা, চিকিৎসা, স্বাবলম্বীকরণ ও পুনর্বাসনে কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY