
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সোমবার ভোররাতে এক বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। অভিযানটি সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায়, সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে পরিচালিত হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি থেকে কুমিল্লা ব্যাটালিয়ন সীমান্তে অস্ত্র ও মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর।
ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় যশপুর বিওপি’র বিশেষ টহল দল সোমবার ভোরে অভিযান পরিচালনা করে। বিজিবির মুখপাত্র বলেন, “এই অভিযান আমাদের পেশাদারিত্ব এবং সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা সীমান্তে যে কোনো ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন, গুলি ও গাঁজার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে চোরাচালান এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা যায়।