
রুহুল আমিন শাহিন, বগুড়া:
বগুড়ার শাজাহানপুর মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধারে এই অটোরিকশা চালকের মরদেহ পড়ে ছিল।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।
মোফাজ্জল হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন মোফাজ্জল। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটিরও সন্ধান মিলেনি।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু অটো ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমনটা মনে হচ্ছে না। আমরা মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।