মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও শিক্ষানগরীর রূপকার এম আকবর আলী। দলের নিবেদিতপ্রাণ এই নেতা দীর্ঘদিন ধরে উল্লাপাড়া উপজেলার উন্নয়নে অসামান্য ভূমিকা রেখে আসছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এম আকবর আলী এর আগেও দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই সময়ে তিনি উল্লাপাড়া উপজেলাকে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব শহরে রূপ দিতে নিরলসভাবে কাজ করেন। তাঁর উদ্যোগে উল্লাপাড়ায় শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে।
উল্লাপাড়াকে "শিক্ষানগরী" হিসেবে পরিচিত করার পেছনে রয়েছে এম আকবর আলীর অসামান্য অবদান। তাঁর প্রত্যক্ষ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান — মোমেন আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সরকারি আকবর আলী কলেজ, এবং বড়হার স্কুল অ্যান্ড কলেজ সহ আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষার মানে এসেছে আমূল পরিবর্তন।
শিক্ষা ছাড়াও, এম আকবর আলীর হাত ধরে উল্লাপাড়ায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে অভূতপূর্বভাবে। তাঁর নেতৃত্বে এলাকাবাসী পেয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক সুযোগ-সুবিধা।
স্থানীয়দের মতে, এম আকবর আলী শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন সমাজসেবক ও উন্নয়নের স্থপতি। আসন্ন নির্বাচনে তাঁকে পুনরায় ধানের শীষ প্রতীকে দেখতে পেয়ে বিএনপি কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লাপাড়াবাসীর প্রত্যাশা, যদি আবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে শিক্ষানগরী উল্লাপাড়া আরও এগিয়ে যাবে উন্নয়নের পথে।