প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির গণমিছিল।

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে মনোনয়নের দেওয়ার দাবিতে শনিবার বিকাল ৪ টায় নবীগঞ্জ শহরে এক বর্ণাঢ্য গণমিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শহরের গোল্ডেন প্লাজাস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শেরপুর রোড, ওসমানী রোড, কলেজ রোড, মধ্যবাজার, হাসপাতাল রোড হয়ে নতুনবাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবের আমেজে পরিণত হয়। পুরো নবীগঞ্জ শহর এদিন জনসমুদ্রে রূপ নেয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পরিচালনা করেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু, সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, মোর্শেদ আহমদ, হারুনুর রশীদ হারুন, ওলামা দলের সভাপতি মাওলানা শুয়েব আহমেদ চৌধুরী, মহিলা দলের সভানেত্রী শ্যামলা বেগম এবং সাহেদুল ইসলাম চৌধুরী রিপন।
সমাবেশ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শেখ সুজাত মিয়া দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করেছেন। নবীগঞ্জ-বাহুবলের জনগণের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী করার দাবি জানান তাঁরা।
পরিশেষে শান্তিপূর্ণভাবে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY