ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন বিজয়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন বিজয়ী ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন বিজয়ী
ad728
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তারা ডাকসুর শীর্ষ তিনটি পদ দখল করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে— ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন মোট ৪৭১ জন। পাশাপাশি ১৮টি হল সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৩টি পদে। সেখানে ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।

মোট ৩৯ হাজার ৮৭৪ ভোটারের মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছিলেন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছিলেন ছাত্র। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফল ঘোষণার পর শিবির সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে উল্লাস দেখা দেয়। তারা ঢাবি ক্যাম্পাসে মিছিল, স্লোগান ও বিজয়োৎসব পালন করে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো অনেকে ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মৌচাকে শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মৌচাকে শিক্ষার্থী