লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু।
৬ সেপ্টেম্বর, শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। রাসেল উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি চলতি বছর হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ।
স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে কয়েকজন স্কুল ছাত্র মিলে গোসল করতে যায়। হঠাৎ করে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় তিন ঘন্টা চেষ্টা করে তাকে স্থানীয়ারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রাসেলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মানিক বলেন, রাসেল মেধাবী ছাত্র ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুকুরে পানিতে ডুবে যুবকের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।