ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্যের উদ্যোগ: জানালেন সালাহউদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্যের উদ্যোগ: জানালেন সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন: ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্যের উদ্যোগ: জানালেন সালাহউদ্দিন আহমদ
ad728

মো. শাহজাহান বাশার

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমন ঘোষণাই দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন,“আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই। এই ঐক্যই হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার।”

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ঐক্যকে শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, তৃণমূল পর্যায়েও সুসংগঠিত করতে হবে।“তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্য শুধু নির্বাচনের জন্য নয়, এটি হবে জাতির পুনর্জাগরণের একটি মাইলফলক,” — যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এসময় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।“আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের গতি ধরে রাখবো এবং এই ধারাবাহিকতার মধ্য দিয়েই গড়ে তোলা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। যারা স্বৈরাচারবিরোধী, যারা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে— তারা সবাই আমাদের স্বাভাবিক সহযোগী।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলের হাইকমান্ডের ধারাবাহিক বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,“দল ও নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার বার্তা দিতেই এই বৈঠক চলছে। দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।”

তিনি আরও বলেন,“বিএনপি নির্বাচিত হলে গঠন করবে নতুন বাংলাদেশ— যেখানে তারুণ্যনির্ভর নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি। জনগণের শক্তিই হবে সেই নতুন বাংলাদেশের ভিত্তি।”

সালাহউদ্দিন আহমদের এ বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনের আগে বিএনপির নতুন রাজনৈতিক কৌশলের দিকনির্দেশনা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিএনপি এবার কেবল নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং একটি বৃহত্তর গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে সরকারবিরোধী ঐক্য গঠনের দিকেই অগ্রসর হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
আজ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম

আজ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম