ডেক্স নিউজ,
টানা বৃষ্টি ও দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। রাজধানীর বাজারগুলোতে প্রকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রকারভেদে কেজিতে ২৫০ টাকা বেড়ে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে দুই একদিনের মধ্যে দাম কিছুটা কমে আসবে বলেও জানিয়েছেন তারা।
দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি করছেন না। যারা বিক্রি করছেন, অন্যান্য দিনের তুলনায় কম পরিমাণে পাইকারি বাজার থেকে কাঁচা মরিচ সংগ্রহ করেছেন।
তালতলা বাজারে সবজি বিক্রেতা আমিনুল বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা ১৬০০ থেকে ১৭০০ টাকা। এরপর যাতায়াত খরচ তো রয়েছেই। প্রতিদিন এক থেকে দুই পাল্লা মরিচ আনলেও আজ ১ কেজি মরিচ এনেছি। দুই একদিনের মধ্যে দাম না কমলে মরিচ বিক্রি বন্ধ করে দেবেন বলেও তিনি জানান।
তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় তিনশো টাকা বেড়েছে বলে জানালেন শেওড়াপাড়া বাজারের তরকারি বিক্রেতা শাহজাহান মিয়া। তিনি বলেন, তিনদিন আগেও ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছি।
জুয়েল রানা